একটি পৃথক সংস্থার অধীনে অনুষ্ঠিত হবে কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের পরীক্ষা, যেটিকে সরকার স্নাতকোত্তরের (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান দিয়েছে।
‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ নামের এই সংস্থার অধীনে আগামী ১৫ থেকে ২৫ মে অভিন্ন প্রশ্নে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এই সংস্থার নামে সনদ দেওয়া হবে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আশপাশে সংস্থাটির কার্যালয় নেওয়া হবে।
সরকার দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর স্তরের সমমান দেওয়ার পর গতকাল রোববার এই সনদের মান বাস্তবায়ন কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়। চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে বৈঠকে ৩২ সদস্যের কমিটির মধ্যে ৩০ জন উপস্থিত ছিলেন।
জানতে চাইলে বাস্তবায়ন কমিটির সদস্য ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস বলেন, ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ একটি স্বতন্ত্র সংস্থা হিসেবে কাজ করবে। এই সংস্থার অধীনেই দাওরায়ে হাদিসের পরীক্ষা হবে এবং এই সংস্থার নামে দাওরায়ে হাদিসের সনদ দেওয়া হবে। এখন থেকে যাঁরা এই সংস্থার অধীনে দাওরায়ে হাদিসের পরীক্ষা দেবেন, কেবল তাঁরাই এই সরকারি স্বীকৃতি পাবেন। যাঁরা ইতিমধ্যে দাওরায়ে হাসিদ পাস করেছেন, তাঁরা এই সুযোগ পাবেন না।’
তবে একটি সংস্থার অধীনে স্নাতকোত্তর স্তরের পরীক্ষা ও সনদ দেওয়া সঠিক হচ্ছে না বলে মনে করেন শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। জানতে চাইলে তিনি গতকাল বলেন, কোনো সংস্থার অধীনে স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া যায় না। এর মাধ্যমে সনদ পেলেও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। এতে শিক্ষার্থীরা সনদ পেলে কার্যত সেটা কাজে আসবে না। আন্তর্জাতিকভাবেও স্বীকৃতিতে সমস্যায় পড়তে হবে। এই অধ্যাপকের পরামর্শ হলো, সাধারণ ধারার মাদ্রাসার ফাজিল ও কামিলের ডিগ্রি যেভাবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হয়, কওমির ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা করে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া যেতে পারে। যা শিক্ষার্থীদের জন্যই ভালো হবে।
গতকাল বাস্তবায়ন কমিটির বৈঠক শেষে কমিটির সদস্য ও বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক সাংবাদিকদের সভার সিদ্ধান্ত জানান। পরে বেফাকের সভাপতির প্রেস সচিব মাওলানা মুনির আহমদ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সভার বিস্তারিত জানান। সভায় সিদ্ধা