শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭


ময়মনসিংহে দ্বিতীয় বারের মতো নির্বাচনে মাওলানা নুরুল আলম সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জিল্লুর রহমান রিয়াদ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে ইসলামি দলগুলোর একক প্রার্থী হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মোঃ নুরুল আলম সিদ্দিকী। তিনি ইসলামী আন্দোলন ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি।

পেশাগত জীবনে তিনি ফুলবাড়ীয়া পৌর শহরে অবস্থিত ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম (কে. আই.) ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাওলানা নুরুল আলম সিদ্দিকী দবরদস্তা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম (কে. আই.) ফাযিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন। এরপর তিনি মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসা হতে ফাযিল ও হাদিস বিভাগে কৃতিত্বের সঙ্গে কামিল পাশ করেন।

পরবর্তীতে উচ্চতর ইসলামী শিক্ষা অর্জনের জন্য হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা এবং ছারছীনা দারুসসুন্নাত আলিয়া মাদ্রাসায় ফিকাহ বিভাগে কামিল পড়েন ৷ কিন্তু পরিবারের আর্থিক অসঙ্গতির কারণে তার শিক্ষকের পরামর্শে ১৯৮১ সালের ৫ সেপ্টেম্বর মুক্তাগাছা কাঠবাওলা ফাযিল মাদ্রাসায় আরবি প্রভাষক পদে যোগদান করেন ৷

পরবর্তীতে ১৯৮৫ সালের ৬ জুলাই মাওলানা নুরুল আলম সিদ্দিকী উনার সাবেক শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম (কে. আই.) ফাযিল মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি এই মাদ্রাসাতেই সুনামের সহিত সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

মাওলানা নুরুল আলম সিদ্দিকী ছাত্রজীবন থেকেই ইসলামী ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন। পরবর্তীতে শিক্ষকতা জীবনে চরমোনাই পীর সাহেব মরহুম ফজলুল করীম রহ. এর হাতে বাইয়াত হয়ে চরমোনাই সিলসিলার মুরিদ হন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাজনীতিতে জড়িয়ে পরেন।

বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। তিনি ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩য় স্থান অর্জন করেছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ীয়া উপজেলা শাখার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আবুল হাসান মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘উপজেলার প্রতিটি ইউনিয়নে ইসলামী আন্দোলন এর কমিটি রয়েছে। এছাড়াও শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন এর তৎপরতাও লক্ষণীয়।

সবাই ঐক্যবদ্ধভাবে হাতপাখার জন্য কাজ করছি। নিরপেক্ষ নির্বাচন হলে আমরা আশা করি ধর্মপ্রাণ মানুষদের ভোটে একটি ভালো ফলাফল অর্জন করা সম্ভব।’

‘প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে দেশকে সংঘাতের দিকে ঠেলবেন না’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ